

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াই, অপেক্ষা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছেন কক্সবাজারের পেকুয়ার ডা: বেলাল হায়দার। তিনি ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও গেজেট প্রকাশ না হওয়ায় চাকরিতে যোগ দিতে পারেননি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে গেজেট প্রকাশ হলে অবশেষে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন।
জানা যায়, ২০০৫ সালে ২৭তম বিসিএস পরিক্ষা দিয়ে ২০০৭ সালে উত্তীর্ণ হলেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়। এ অবস্থায় তিনি আদালতের শরণাপন্ন হন। দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকলেও গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।
পরবর্তীতে হাইকোর্ট বিভাগ-এ দীর্ঘ শুনানি শেষে আদালত ২৭তম বিসিএসের গেজেট প্রকাশসহ তাকে স্বাস্থ্য ক্যাডারে পদায়নের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তাকে নিয়োগ দেয়।
এরই ধারাবাহিকতায় তিনি ১৯ ফেব্রুয়ারী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
ডা: বেলাল হায়দার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন-এর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এমবিবিএস চিকিৎসক হিসেবে ব্যক্তিগত চেম্বারের মাধ্যমে স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
বেলাল হায়দার অনুভূতি জানিয়ে বলেন, ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার গেজেট আটকে দেওয়া হয়েছিল। তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘ ১৮ বছর পর বিজ্ঞ আদালতের রায়ে গেজেট প্রকাশ হয়েছে। স্বাস্থ্য বিভাগ আমাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ক্যাডার হিসেবে নিয়োগ দিয়েছে এটা আমার জীবনের বড় প্রাপ্তি।
স্থানীয়দের মতে, দীর্ঘ আইনি লড়াই শেষে তার যোগদান পেকুয়া উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে তার উপস্থিতিতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
মন্তব্য করুন
