

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিবপুর বেরিবাঁধ এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণী শাকিলা আক্তারের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ষাটনল ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা ঘটনাটিকে রহস্যজনক উল্লেখ করে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে সন্দেহজনক করে তুলেছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের ধারণা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের খালা মনিরা বেগম, খালাতো বোন লামিয়া, স্থানীয় ইকবাল সরদার, রনি হোসেন, আ. রাজ্জাক, হাসান সরদার, লিটন তাতী, শুভ ও মারুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মতলব উত্তর থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বেরিবাঁধের ওপর অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পিবিআই টিমের সহায়তায় প্রাথমিক তদন্ত শেষে মৃতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত শাকিলা আক্তার (২৬) মতলব উত্তর উপজেলার রঙ্গুখা কান্দি বেপারী বাড়ির বাসিন্দা আব্দুস সাত্তারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিলা আক্তার নার্সিং শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসে পরে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবার শোকাহত হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
