শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভাষা শহীদদের প্রতি এমপি রনি ও জেলা প্রশাসনের শ্রদ্ধা

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ এএম
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
expand
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে গাজীপুরবাসী। রাত পেরিয়ে ঘড়ির কাঁটা যখন ১২টা ১ মিনিট স্পর্শ করে, তখনই গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও জেলা প্রশাসন।

এর আগে রাত ১২টার আগেই সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। নির্ধারিত সময়েই তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ, জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মহানগর বিএনপি ও তাদের অঙ্গসংগঠন, গাজীপুর প্রেসক্লাব এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

রাত যত গড়িয়েছে, ততই বাড়তে থাকে মানুষের উপস্থিতি। হাতে ফুল, বুকে আবেগ আর কণ্ঠে একুশের গান নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X