শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া ট্রাক কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ এএম
দুর্ঘটনা কবলিত ট্রাক
expand
দুর্ঘটনা কবলিত ট্রাক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নুরুল হোসেন তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বরইতলী থেকে চিরিংগা বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে বসেছিল শামীম। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমির বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মরদেহ দুটি আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ অংশে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দীর্ঘদিনের সমস্যা। দ্রুতগতির ট্রাক ও বাসের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে কঠোর নজরদারি ও গতিনিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। এক সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে বাবা-ছেলের এমন মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে হাসপাতালের পরিবেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X