

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে স্থান পেয়েছেন চাঁদপুর জেলার চার কৃতি সন্তান। সরকারের নীতিনির্ধারণী ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের অন্তর্ভুক্তিকে জেলাবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন। রাজনীতি, প্রশাসন, গবেষণা ও গণমাধ্যম প্রতিটি ক্ষেত্রেই দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দায়িত্বপ্রাপ্ত চারজন হলেন- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন, প্রেস সচিব ড. আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী। তাদের নিয়োগে চাঁদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ আশা করছেন তাদের মাধ্যমে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে।
শিক্ষামন্ত্রী: ড. আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়া উপজেলার সন্তান ড. মিলন পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন।
১৯৫৭ সালের ২৬ মার্চ জন্ম নেওয়া এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক শেষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ, পরে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। শিক্ষকতা ও আন্তর্জাতিক পেশাজীবনের অভিজ্ঞতা তার প্রশাসনিক দক্ষতাকে সমৃদ্ধ করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা: ড. মাহাদী আমিন ড. মাহাদী আমিন শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের সভাপতি ছিলেন।
আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া এই গবেষক লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকেও প্রশিক্ষণ নিয়েছেন। তার সাফল্য নিয়ে বিবিসি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে।
প্রেস সচিব: ড. আবু আবদুল্লাহ এম ছালেহ সালেহ শিবলী নামেই পরিচিত এই জ্যেষ্ঠ সাংবাদিক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। ফরিদগঞ্জ উপজেলার সন্তান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং গণমাধ্যম ও প্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এর আগে তিনি প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন ছাড়াও কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সাময়িকীতে তার লেখালেখি প্রকাশিত হয়েছে।
গবেষণা কর্মকর্তা: মো. আব্দুস সাত্তার পাটোয়ারী মতলব দক্ষিণ উপজেলার কৃতিসন্তান মো. আব্দুস সাত্তার পাটোয়ারী প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। সংগঠন ও গবেষণামূলক কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
চাঁদপুরের রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ মনে করছেন নতুন সরকারে জেলার প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের প্রত্যাশা, এই চার কৃতি সন্তান নিজেদের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে দেশের পাশাপাশি চাঁদপুর জেলার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মন্তব্য করুন
