

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোলপ্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে আরেকটি বাসের সজোরে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এক্সপ্রেস ওয়ের শিবচর - জাজিরা সীমান্ত এলাকার নাওডোবা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার আকাশ সরদার (৩১) ও মুকসুদপুর উপজেলার মো. ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনেই স্টার এক্সপ্রেস পরিবহনের কর্মী ছিলেন—আকাশ হেলপার এবং ইউনুস সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস বাসটি পদ্মা সেতু অতিক্রম করে নাওডোবা গোলচত্বরে পৌঁছালে সামনে যাত্রী নামানোর জন্য থেমে থাকা খান পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কারণেই সংঘর্ষের তীব্রতা বেড়ে যায়।
ঘটনাস্থলেই আকাশ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইউনুস মোল্লাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং ক্ষতিগ্রস্ত বাস দুটি জব্দ করে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
মন্তব্য করুন
