শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা
expand
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুনাইদ (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিন শিশু ও ভ্যানচালক আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন। ‎ ‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎নিহত জুনাইদ চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা এবং মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চার শিশু ব্যাটারিচালিত ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে পৌঁছে ভ্যানটি রাস্তা পার হওয়ার সময় ঢাকা অভিমুখী ‘আহাদ এন্টারপ্রাইজ’ নামের একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে জুনাইদ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎ভ্যানে থাকা আরো তিন শিক্ষার্থী ও চালক আহত হন। তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা স্কুলের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। তারা ওই এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। ‎ ‎অবরোধের ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

‎চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X