শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ার ‘ধর্ষণকাণ্ডে’ ৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, তদন্তের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
নোয়াখালী জেনারেল হাসপাতাল
expand
নোয়াখালী জেনারেল হাসপাতাল

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ হামলা ও ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পাঁচদিন পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী বাদী হয়ে নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি করেন।

এ মামলায় ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন, চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার আবুল কাশেমের ছেলে আবদুর রহমান (৩২), আবদুল গফুরের ছেলে মো. মতিন (৩৫), হালিম ডুবাইর ছেলে হেলাল উদ্দিন কেরানী (৪০), আবুল কাশেমের ছেলে মো. রুবেল (৩০), ৭ নম্বর ওয়ার্ডের মোস্তফা সর্দারের ছেলে এমরান হোসেন ওরফে কালা এমরান (৩৫) এবং ২ নম্বর ওয়ার্ডের উত্তর আজিমপুর গ্রামের মো. মোস্তফার ছেলে বেলাল মাঝি (৪৮)।

​আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাতে ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আসামিরা একদল সন্ত্রাসী নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়।

এসময় হামলাকারীরা ভুক্তভোগী ও তার স্বামীকে মারধর করে। এরপর স্বামীকে আটকে রেখে ১ নম্বর আসামি আবদুর রহমান ওই নারীকে গোসলখানায় নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​ঘটনার পরদিন (১৪ ফেব্রুয়ারি) সকালে পুনরায় হামলা চালিয়ে দম্পতিকে মারধর এবং শ্লীলতাহানি করা হয়। এ সময় অন্য এক নারী কর্মীর ঘর দেখিয়ে দিতে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে বাদী উল্লেখ করেন।

ভুক্তভোগী নারী বর্তমানে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নোমান সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অভিযোগ গ্রহণের পর আদালত হাতিয়া থানাকে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।’

​অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘আদালতের নির্দেশনার কপি হাতে পেলে দ্রুত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X