

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অর্ধশতকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ শিরোপা জিতেছে নিউইয়র্ক নিকস। ঐতিহাসিক সেই সাফল্য উদযাপনে শহরের রাস্তায় নেমেছিল হাজারো সমর্থক। তবে আনন্দের রাতের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উৎসবের আবহ ছাপিয়ে আলোচনায় আসে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং গুলির ঘটনা।
শনিবার (১৩ জুন) রাতে এনবিএ ফাইনালের পঞ্চম ম্যাচে সান আন্তোনিও স্পার্সকে হারিয়ে ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় নিউইয়র্ক নিকস। শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই ম্যানহাটনের বিভিন্ন এলাকায় উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। আতশবাজি, ধোঁয়া বোমা এবং ‘নিকস ইন ফাইভ’ স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের কেন্দ্রস্থল।
কিন্তু গভীর রাতের দিকে উদযাপন সহিংস রূপ নিতে শুরু করে। স্থানীয় সময় রাত ২টার দিকে টাইমস স্কয়ার এলাকায় পায়ে গুলিবিদ্ধ হয় ১৭ বছর বয়সী এক কিশোর। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
একই সময়ে বিশ্বকাপ ম্যাচ শেষে দর্শকদের বহনকারী কয়েকটি শাটল বাসও উচ্ছৃঙ্খল জনতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শত শত মানুষ বাসগুলো ঘিরে ফেলে। কেউ বাসের ছাদে উঠে পড়ে, কেউ চালকের আসনে বসার চেষ্টা করে। পরিস্থিতি আরও খারাপ হলে একটি বাসে আগুন দেওয়া হয় এবং আরও কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দেখে ফেরা সমর্থকদের বহনে ব্যবহৃত এসব বাসের ছাদে উঠে অনেককে পতাকা ওড়াতে এবং উদযাপনে অংশ নিতে দেখা যায়। ঘটনাস্থলে আহত কয়েকজনকে দেখা গেলেও তাদের আঘাতের প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিশ্বকাপ ম্যাচ থেকে ফেরার পথে বাসে থাকা ৪৯ বছর বয়সী ইউসুফ সাবর বলেন, মানুষ আনন্দ প্রকাশ করছিল, যদিও কিছু ক্ষেত্রে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাঁর মতে, বড় ক্রীড়া সাফল্যের পর বিশ্বের বিভিন্ন শহরে এমন দৃশ্য দেখা যায়।
প্রায় দুই ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম এবং ঘোড়সওয়ার ইউনিট মোতায়েন করে ম্যাডিসন স্কয়ার গার্ডেন ও আশপাশের এলাকা ধীরে ধীরে খালি করা হয়।
নিউইয়র্কের বাসিন্দা ক্যারল মারিনোর ভাষায়, শহরের এই উদযাপন ছিল ‘নববর্ষের রাতের চেয়েও বহুগুণ বড়’। আর দীর্ঘদিনের সমর্থকদের জন্য এটি ছিল আবেগঘন এক মুহূর্ত। অনেকেই জানিয়েছেন, জীবদ্দশায় প্রথমবার নিকসকে চ্যাম্পিয়ন হতে দেখে তারা উচ্ছ্বসিত।
তবে বহু প্রতীক্ষিত শিরোপা জয়ের রাত শেষ পর্যন্ত শুধু আনন্দের নয়, বরং বিশৃঙ্খলা ও নিরাপত্তা উদ্বেগের কারণেও স্মরণীয় হয়ে থাকল নিউইয়র্কবাসীর কাছে। সূত্র: জেরুজালেম পোস্ট
