শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ এএম
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ।। ছবি: সংগৃহীত
expand
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ।। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠক ঘিরে নানা প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত কোনো বড় সিদ্ধান্তের ঘোষণা আসেনি। তবে আলোচনা যে থেমে নেই, তা স্পষ্ট করেছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। পাশাপাশি গাজায় চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও উঠে আসে।

বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এটিকে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেন। তবে তিনি স্বীকার করেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান তিনি, যাতে সমঝোতার কোনো পথ খোলা থাকে কি না, তা বোঝা যায়। চুক্তি সম্ভব হলে সেটাই আমাদের অগ্রাধিকার। আর যদি তা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখতে হবে।’

আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি ‘গুরুতর’ হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে ট্রাম্প ২০২৫ সালের জুনে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথাও উল্লেখ করেন।

সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগেরবার ইরান চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছিল, যার ফল তাদের জন্য ভালো হয়নি। এবার তারা আরও বাস্তববাদী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ইসরায়েলের নিরাপত্তা বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পাশাপাশি ইরান, গাজা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে।

গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এটি সপ্তম বৈঠক। চলমান সংকটের প্রেক্ষাপটে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হলেও আপাতত বড় কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X