সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা সম্ভব: খামেনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
expand
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের প্রতি সমর্থন ত্যাগ করে এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ করে, তাহলেই তেহরান সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে।

সোমবার (৩ নভেম্বর) তেহরানে এক ছাত্রসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব মন্তব্য করেন। বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

খামেনি বলেন, যদি যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং ইসরাইলি শাসনের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করে, তাহলে আমরা পারস্পরিক সহযোগিতা নিয়ে ভাবতে পারি। কিন্তু তারা যদি আগের মতোই আধিপত্যের নীতি অনুসরণ করে, তবে তেহরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে না।

তিনি আরও বলেন, “ওয়াশিংটনের অহংকারপূর্ণ মনোভাব আত্মসমর্পণ ছাড়া কিছুই মেনে নেয় না। তারা সব সময় অন্য দেশের ওপর কর্তৃত্ব বিস্তার করতে চায়।”

এই বক্তব্য দেন তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। সেই বিপ্লবে পশ্চিমা-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

চলতি বছরের জুনে ইসরাইলের বিমান হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলে দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। ঐ যুদ্ধে যুক্তরাষ্ট্রও সীমিতভাবে অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই সংঘাতে ইরানে ৯৩৫ জন ও ইসরাইলে ২৪ জন নিহত হন।

পরবর্তীতে ইরান প্রতিশোধ হিসেবে ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইরান–যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক আলোচনা স্থবির হয়ে পড়ে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

খামেনি তার বক্তৃতায় বলেন, যখন একটি জাতি নিজেকে যথেষ্ট শক্তিশালী করে তোলে এবং শত্রুরা বুঝতে পারে যে, মুখোমুখি সংঘাতে তাদের লাভের বদলে ক্ষতি হবে, তখনই সেই দেশ প্রকৃত অর্থে নিরাপদ থাকে।

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই ইরান কঠোর অর্থনৈতিক চাপে রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘ আবারও ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X