মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ইয়েমেনি বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আরবের ড্রোন হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে হুথিদের মুখপাত্র দাবি করেছেন।

সোমবার (২৭ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুকে যুক্ত করা একাধিক সংবেদনশীল অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা।

তবে এই হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে জাহাজে ইরানি হামলা এড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটির পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া শুরু করেছিল।

গত সপ্তাহে ইরানের মিত্র ওই হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেল শিল্পের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে বড় ধরনের বিঘ্ন ঘটার হুমকি তৈরি হয়েছে।

সৌদি আরব এই পরিস্থিতির জবাবে ইয়েমেনের হুদাইদাহ বন্দরে অবস্থিত হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ-পরিবহন ও জাহাজ চলাচল সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে দেশটি।

সূত্র: রয়টার্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন