শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সামরিক স্থাপনায় ব্যাপক হামলা, অস্বীকার যুক্তরাষ্ট্রের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:৩৯ এএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বুশেহর এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহরেই ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। এছাড়া বুশেহরের নিকটবর্তী চোগাদাক এবং দক্ষিণাঞ্চলের কোনারক শহরেও আরও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঘটনার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তারা স্পষ্টভাবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য দেয়নি ইরানি কর্তৃপক্ষ। একই সময়ে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের খবরও অস্বীকার করেছে তেহরান।

বুশেহরের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে তিনি স্বীকার করেন, বুশেহরের উপকণ্ঠে একটি সামরিক সদর দপ্তরে শত্রুপক্ষের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বা গোলা আঘাত হেনেছে।

এদিকে বিস্ফোরণের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দুই দেশের সামরিক সমন্বয় আরও জোরদারের বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন।

এর আগে দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে সংঘাত এখনো শেষ হয়নি এবং সামনে আরও নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

একই অনুষ্ঠানে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানান, সম্ভাব্য নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করে বলেন, আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনে তৃতীয়বারের মতো ইরানে সরাসরি হামলা চালাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup