সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওমান উপকূলে ডুবল ভারতীয় জাহাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৫৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে একটি ভারতীয় মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটিতে থাকা সব নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ওমানের রাস আল হাদ্দ উপকূল থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়। তবে এর আগেই জরুরি উদ্ধার অভিযানের মাধ্যমে ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এমএসভি বিরাট ১ নামের জাহাজটির সব নাবিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তাদের জাবাল আলি নামের আরেকটি জাহাজে স্থানান্তর করা হয় এবং পরে তারা ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেলে নাবিকরা লাইফ র‌্যাফটে আশ্রয় নিতে বাধ্য হন। পরে ওমানি কর্তৃপক্ষ ও আশপাশে থাকা জাহাজগুলোর সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং নিশ্চিত করেছে, উদ্ধার অভিযানের পর জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি ভারতের পতাকাবাহী হিসেবে নিবন্ধিত ছিল।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে এবং ওই এলাকায় জাহাজ চলাচলকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।

এর আগে ওই অঞ্চলে জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের হতাহতের খবরও সামনে আসে। এ নিয়ে প্রতিক্রিয়ায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিককে নয়াদিল্লিতে তলব করে ভারত।

হরমুজ প্রণালি সংলগ্ন সমুদ্রপথে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা ও আটকানোর ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যেই এই দুর্ঘটনা নতুন করে সমুদ্র নিরাপত্তা ইস্যুকে আলোচনায় এনেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup