

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রিকেট মাঠে ইতিহাস গড়ার অপেক্ষায় এক বাংলাদেশি তরুণ। প্রথমবারের মতো মালয়েশিয়া জাতীয় দলের জার্সি গায়ে নিজ জন্মভূমি বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন নাজমুস সাকিব। তাদের কোচ হিসেবে আছেন ডেভ হোয়াটমোর।
তার এই অভিষেকের সাক্ষী হতে যাওয়া দুই সপ্তাহের সফরে বুধবার ঢাকায় পা রেখেছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে তারা স্বাগতিকদের হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে যথাক্রমে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
তবে নিছক একটি দ্বিপক্ষীয় সিরিজের গণ্ডি পেরিয়ে এই লড়াই বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্রিকেটে নতুন অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে। ভিনদেশি দলের হয়ে নিজের মাটির বিপক্ষে খেলার এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাকিব (২৬)।
খুলনার ছেলে সাকিব নিজের অনুভূতি জানিয়ে বলেন, “একজন বাংলাদেশি হয়ে অন্য একটি দেশের জাতীয় দলের জার্সি গায়ে জন্মভূমির বিপক্ষেই মাঠে নামার এই অনুভূতি সত্যিই রোমাঞ্চকর, গৌরবময় এবং তুলনাহীন।”
মাঠের এই লড়াইয়ে কৌতূহলের পারদ আরও বাড়িয়ে দিচ্ছে মালয়েশিয়া দলের নেতৃত্ব ও কোচিং স্টাফ। সফরকারী দলটির বর্তমান অধিনায়ক সাঈদ আজিজ ব্যক্তিগত জীবনে বাংলাদেশেরই একটি পরিবারের জামাতা। চট্টগ্রামের মেহেদীবাগের মেয়ে রওনক নাওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধা এই ক্রিকেটারের নেতৃত্বে মালয়েশিয়ার বাংলাদেশ সফর স্বাভাবিকভাবেই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি স্মরণীয় ঘটনা, ডেভ হোয়াটমোরের ফেরা। মালয়েশিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এবার বাংলাদেশে এসেছেন তিনি। এই হোয়াটমোরের হাত ধরেই ২০০৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল, একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছিল ওয়ানডে জয়।
সফরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় অনুশীলন শেষে মালয়েশিয়া দল ৮ ও ১০ অগাস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি দলের মুখোমুখি হবে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই দুটি টি-টোয়েন্টি ম্যাচ শেষে সফরকারীরা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।