সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:১৬ এএম
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
expand
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। সাম্প্রতিক সময় ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার বিষয়টি স্পষ্ট করা হয়।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে ওই উপদেষ্টা বলেন, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, “আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।”

উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা দায়িত্বে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন। নিহতরা সাবেক প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, আহমাদিনেজাদের ব্যক্তিগত বাসভবনটি ওই ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। তবে সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি অক্ষত রয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টার বক্তব্যে সেই গুঞ্জন নাকচ করা হয়েছে।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়কালে পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের সম্পর্ক একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ইস্যুকে কেন্দ্র করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন