

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সূচি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। আগাম এ ঘোষণায় সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা মার্চের তৃতীয় সপ্তাহে টানা কয়েক দিনের অবকাশ পাচ্ছেন। একই সঙ্গে ঈদ কবে উদযাপিত হবে, তা নিয়েও সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
সরকারি তথ্য অনুযায়ী, ফেডারেল পর্যায়ের দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরতদের ছুটি শুরু হবে ১৯ মার্চ। যা চলবে ২২ মার্চ পর্যন্ত। এরপর ২৩ মার্চ থেকে যথারীতি সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে বেসরকারি খাতের জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে বেসরকারি খাতের ছুটি এক দিন বাড়িয়ে ২২ মার্চ পর্যন্ত করা হতে পারে।
ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কেও প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। যদি ১৮ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ১৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। আর সেদিন চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ২০ মার্চ, শুক্রবার ঈদ পালিত হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, শাওয়াল মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত ঈদের ছুটি থাকে। অর্থাৎ টানা তিন দিন সরকারি অবকাশ পালন করা হয়। তবে প্রতি বছরের মতো এবারও রমজানের ২৯তম দিনে চাঁদ দেখা কমিটি আকাশ পর্যবেক্ষণের পর ঈদের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করবে।
সূত্র: গালফ নিউজ
মন্তব্য করুন

