বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাদ্দাফির ছেলে সাইফ গুলিতে নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ এএম
সাইফ আল-ইসলাম গাদ্দাফি ।। ছবি: সংগৃহীত
expand
সাইফ আল-ইসলাম গাদ্দাফি ।। ছবি: সংগৃহীত

লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে (৫৩) দেশটির একটি শহরে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার আইনজীবীর বরাত দিয়ে দেশটির কয়েকটি স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সাইফ আল-ইসলাম একসময় লিবিয়ার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। রাষ্ট্রীয় কোনো পদে না থাকলেও দীর্ঘ সময় ধরে তাকে গাদ্দাফি সরকারের ভবিষ্যৎ নেতৃত্বের মুখ হিসেবে বিবেচনা করা হতো।

২০০০ দশকের শুরুর দিকে লিবিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক উন্নয়নে সাইফ আল-ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে দেশটির গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি বাতিল এবং ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ বিস্ফোরণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আলোচনায় তিনি যুক্ত ছিলেন।

তবে ২০১১ সালে আরব বসন্তের প্রেক্ষাপটে লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হলে তার অবস্থান বদলে যায়। তিনি প্রকাশ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং গাদ্দাফি সরকারের পক্ষে দাঁড়ান। ওই সময় দেওয়া তার বক্তব্য দেশজুড়ে সহিংসতার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।

গাদ্দাফি সরকারের পতনের পর সাইফ আল-ইসলাম দেশ ছাড়ার চেষ্টা করলে তাকে আটক করে একটি সশস্ত্র গোষ্ঠী। পরে তাকে পশ্চিম লিবিয়ার জিনতান শহরে আটক রাখা হয়। সেখানে তিনি প্রায় ছয় বছর বন্দি ছিলেন।

২০১৫ সালে ত্রিপোলিভিত্তিক একটি আদালত তাকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাওয়ার পর তিনি প্রকাশ্যে খুব একটা আসেননি। নিরাপত্তাজনিত কারণে জিনতান এলাকাতেই অবস্থান করছিলেন বলে জানা যায়। পরে ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর নিয়ে এখন পর্যন্ত লিবিয়ার সরকারিভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সূত্র: আল-জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X