

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান ব্রিকস সম্মেলনের ব্যস্ততার মধ্যেই ভিন্ন এক ভূমিকায় দেখা গেল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। ভারতের নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির আয়োজিত বিশেষ নৈশভোজে জনপ্রিয় হিন্দি গান গেয়ে অতিথিদের চমকে দিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে আয়োজিত একটি সান্ধ্য অনুষ্ঠানে লাইভ পিয়ানোর সঙ্গে গান করেন তিনি। এ সময় কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ পরিবেশন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘তিন দেবিয়ান’ সিনেমার গানটির সুর করেছিলেন এস ডি বর্মন। গানের কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী।
আনোয়ারের গান পরিবেশনের মুহূর্তটি নৈশভোজের আনুষ্ঠানিক পরিবেশে ভিন্ন আবহ তৈরি করে। রাজনীতি ও কূটনীতির বাইরে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগের একটি উষ্ণ দিকও এতে উঠে আসে।
অনুষ্ঠানের পর নিজের সংগীত পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আনোয়ার। প্রকাশের পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার ‘গানের’ প্রশংসা করেছেন। একই সঙ্গে ভারতে তার সফর নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, আনোয়ার বেশ ভালো গান গেয়েছেন এবং ভারতে তার সময় ভালো কাটছে বলে আশা করেন। আরেকজন মালয়েশিয়াকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

