শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন। ছবি: দ্য হিন্দু
expand

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে তিনি নয়াদিল্লিতে পৌঁছান জানিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার ও রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন।

সম্মেলনের আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পুতিনের। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এবারের ব্রিকস সম্মেলনে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন।

পুতিনের আগে বৃহস্পতিবার রাতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

সম্মেলনে মোট ২৬ জন রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

ব্রিকসের মূল সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই জোটে যুক্ত হয়েছে।

এ ছাড়া বেলারুশ, বলিভিয়া, কাজাখস্তান, কিউবা, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনামসহ কয়েকটি দেশ ব্রিকসের অংশীদার দেশ হিসেবে রয়েছে।

গত বছর ব্রাজিলে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২০২৭ সালের সম্মেলন আয়োজন করবে চীন।

সূত্র: আনাদোলু এজেন্সি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank