শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরের ডকিং পোলে ধাক্কা দিল ইন্ডিগোর ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

ভারতের অধীনে থাকা জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে পার্কিং করার সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের একটি খুঁটিতে ধাক্কা দিয়েছে ইন্ডিগোর একটি বিমান। এ সময় বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২ মিনিটের দিকে নভি মুম্বাই থেকে আসা ফ্লাইটটি ৬ নম্বর বে-তে পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর পার্কিংয়ের সময় ওই ধাতব খুঁটিতে ধাক্কা দেয় ইন্ডিগোর বিমানটি। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিমানের ধাক্কায় খুঁটিটি একদিকে বেঁকে গেছে।

নভি মুম্বাই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর ৬ই ২২৫ ফ্লাইটটি বিমানবন্দরের ৬ নম্বর বে-তে পার্ক করার সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের (ভিডিজিএস) ওই খুঁটিতে ধাক্কা দেয়। বিমানটির নিবন্ধন নম্বর ছিল ভিটি-এনওজি।

ইন্ডিগো জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যদের ম্যানুয়াল সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার বিস্তারিত ও এর পেছনের পরিস্থিতি নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখবে। তদন্ত শেষ হওয়ার পর ঘটনার সঠিক কারণ জানা যাবে। এ পর্যায়ে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

এদিকে এ ঘটনার পরও শ্রীনগর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান ওঠানামা করছে বলেও জানা গেছে।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank