

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এম কে স্ট্যালিনের ডিএমকে বা পালানিস্বামীর এআইএডিএমকে যদি সরকার গড়ার চেষ্টা করে, তবে থালাপতি বিজয়ের তামিলাগা ভেট্রি কাজগমের (টিভিকে) ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করতে পারেন।
বৃহস্পতিবার টিভিকে দলের সূত্র এই ইঙ্গিত দিয়েছে। তামিলনাড়ুর চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে অভিনেতা বিজয়ের শিবিরের ক্রমবর্ধমান অস্বস্তি ও ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই হুঁশিয়ারি।
বিজয় নিজে আনুষ্ঠানিকভাবে এই হুঁশিয়ারি না দিলেও, দলের ভেতরের হতাশা এতে স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের পর সরকার গঠন নিয়ে আলোচনা এখনো অমীমাংসিত এবং প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত নয়।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন পেয়েছে। টিভিকে যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে, সে জন্য চিরপ্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের সঙ্গে ডিএমকে গোপনে আলোচনা শুরু করেছে-এমন খবর প্রকাশের এক দিন পরই এই পদত্যাগের হুঁশিয়ারি এল।
টিভিকের এক শীর্ষ নেতা দলের বর্তমান মেজাজ তুলে ধরে বলেন, 'জনরায় বিভক্ত হলেও বৃহত্তম দলকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না।'
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিজয় নিজেই দুটি আসনে জিতেছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়াবে ১০৭।
অন্যদিকে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের জোটের মোট আসনসংখ্যা এখন ১১২। কিন্তু ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠন করতে প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে এখনো ৬টি আসন দরকার তাদের।
সংখ্যাগরিষ্ঠতা অর্জনে টিভিকে এখন ডিএমকের মিত্র দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে ভিসিকে, বাম দলগুলো এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দলের কাছ থেকেই তারা চূড়ান্ত কোনো প্রতিশ্রুতি পায়নি।
