শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক তরুণী নার্সের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে এ ভাইরাসে এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত নার্সের বয়স ২৫ বছর। তিনি ওই হাসপাতালেই কর্মরত ছিলেন। ছুটিতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় নিজ বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। গত ৩১ ডিসেম্বর নিপা-সদৃশ উপসর্গ দেখা দিলে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় ৪ জানুয়ারি বিশেষ ব্যবস্থায় তাঁকে বারাসাতের কর্মস্থল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আইসোলেশন ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। ১১ জানুয়ারি পরীক্ষার প্রতিবেদনে নিপা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার ফলে তাঁর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি ফুসফুসে সংক্রমণ জটিলতা বাড়িয়ে তোলে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় একই সময়ে আক্রান্ত হওয়া তাঁর এক সহকর্মী পুরুষ স্বাস্থ্যকর্মী চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। গত ৩০ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

ঘটনার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দল রাজ্যে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খেজুরের কাঁচা রস পান করার মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X