বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত, দাবি ট্রাম্পের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ভারত ভেনেজুয়েলার সঙ্গে তেল কেনার চুক্তি করেছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এরই মধ্যে এ চুক্তি করেছি।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। যদিও ভারতীয় সংবাদ মাধ্যম গত শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার নেতার সঙ্গে এটিই মোদির প্রথম ফোনালাপ ছিল। ওই সময় তারা দুই দেশের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ভারতকে এমন সব দেশ থেকে জ্বালানি আমদানিতে উৎসাহিত করছে যারা তাদের কৌশলগত মিত্র অথবা যাদের ওপর কোনো মার্কিন নিষেধাজ্ঞা নেই।

ঐতিহাসিকভাবে ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় করে থাকে ভারত। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ইরান থেকে তেল আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে তারা। এই অবস্থায় ভেনেজুয়েলাকে একটি বিকল্প উৎস হিসেবে সামনে নিয়ে আসছে ওয়াশিংটন।

যদিও এর আগে ২০২৫ সালের মার্চে ভেনেজুয়েলা থেকে তেল কেনায় ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

এমনকি এই বাণিজ্য নিয়ে পূর্বে আরোপিত চড়া শুল্কের বিষয়টি নতুনভাবে বিবেচনার মাধ্যমে নয়াদিল্লিকে ভেনেজুয়েলার তেলের বাজারে ফিরিয়ে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারতের এই সম্ভাব্য অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ও ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X