সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে রুশ ড্রোন হামলা হয়েছে। হামলার মাত্র কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে যাওয়া একটি বিশেষ ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা।

তবে ওই কূটনৈতিক ট্রেনটি হামলার শিকার হয়নি। ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় ভলিন অঞ্চলের ইয়াহোদিন এলাকায় পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে রুশ ড্রোন আঘাত হানে। হামলার আশঙ্কা আগে থেকেই শনাক্ত হওয়ায় ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।

বরিস জনসনের সঙ্গে ওই বিশেষ ট্রেনে ছিলেন ইউরোপের কয়েকটি দেশের নিরাপত্তা কর্মকর্তারা।

কিয়েভে একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পর তারা পোল্যান্ডের দিকে ফিরছিলেন। নিরাপত্তাজনিত কারণে তাদের ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই ইয়াহোদিন স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই পরের ট্রেনটিতে হামলা হয়। ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি বিবেচনায় তাদের ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। যে ট্রেনটি পরে হামলার শিকার হয়, সেটির যাত্রীদের হামলার মাত্র ১৫ মিনিট আগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ড্রোনটি ট্রেনটির ইঞ্জিনে আঘাত করে।

হামলার সময় ইয়াহোদিন এলাকায় থাকা আরেকটি ট্রেনে সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসও ছিলেন। তিনিও অক্ষত রয়েছেন।

উক্রজালিজনিতসিয়া বলেছে, হামলার লক্ষ্য সম্ভবত কূটনৈতিক ট্রেনটি হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইউক্রেন ও পোল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি পোল্যান্ড সীমান্তের খুব কাছেই হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা ঘটনাটিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর দরজায় রুশ হামলা হিসেবে বর্ণনা করেছেন।

হামলার ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের এত কাছে রুশ ড্রোনের আঘাত নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইউরোপীয় নেতাদের চলাচলের কিছুক্ষণ পরই একই রেলপথে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সূত্র: এপি, ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank