সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা ছাড়াই জার্মানিতে যেতে পারবেন ৮ দেশের নাগরিকরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ তৈরি করা ‘অপরচুনিটি কার্ড’-এর নিয়মে গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছেন আট দেশের নাগরিক। এসব দেশের নাগরিকদের জার্মানিতে যাওয়ার আগে আলাদা করে অপরচুনিটি কার্ডের ভিসা নিতে হবে না। দেশটিতে প্রবেশের পর স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করে বসবাসের অনুমতি নেওয়ার সুযোগ রয়েছে তাদের।

তবে এই সুবিধা বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশসহ তালিকার বাইরে থাকা দেশের নাগরিকদের জার্মানিতে যাওয়ার আগেই অপরচুনিটি কার্ডের ভিসার জন্য আবেদন করতে হবে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাজ্যস্থ দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাজ্যের নাগরিকদের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এ সুবিধার আওতায় থাকবেন।

জার্মানিতে গিয়ে আবেদন করা যাবে

ভিসামুক্ত প্রবেশের অর্থ এই নয় যে জার্মানিতে পৌঁছানোর পর আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে অপরচুনিটি কার্ড পেয়ে যাবেন। কার্ড পাওয়ার জন্য তাকে জার্মান সরকারের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।

দেশটিতে পৌঁছানোর পর প্রথমে বাসস্থানের ঠিকানা নিবন্ধন করতে হবে। জার্মান কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বাসস্থানে ওঠার দুই সপ্তাহের মধ্যে ঠিকানা নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রবেশের ৯০ দিনের মধ্যে স্থানীয় বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরে বসবাসের অনুমতির আবেদন করতে হবে।

জার্মান কর্তৃপক্ষ অবশ্য আবেদনকারীদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। বিশেষ করে বড় শহরগুলোর অভিবাসন দপ্তরে সাক্ষাতের সময় পেতে দেরি হতে পারে।

বাংলাদেশিদের কী করতে হবে

বাংলাদেশি নাগরিকদের জন্য নিয়মটি আলাদা। তাদের জার্মানিতে যাওয়ার আগেই অপরচুনিটি কার্ডের ভিসার আবেদন করতে হবে। অর্থাৎ ভিসা ছাড়া জার্মানিতে গিয়ে পরে সেখানে বসেই এই কার্ডের জন্য আবেদন করার সুযোগ বাংলাদেশিদের নেই।

এ কারণে জার্মানিতে চাকরি খোঁজার পরিকল্পনা করা বাংলাদেশিদের ক্ষেত্রে ভ্রমণের আগে ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।

কারা পেতে পারেন অপরচুনিটি কার্ড

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর দক্ষ ও যোগ্য কর্মীদের জার্মানিতে এসে চাকরি খোঁজার সুযোগ দেওয়াই এই কার্ডের মূল উদ্দেশ্য। আগে থেকেই চাকরির চুক্তি না থাকলেও নির্ধারিত শর্ত পূরণ করলে একজন যোগ্য আবেদনকারী জার্মানিতে গিয়ে কর্মসংস্থানের সুযোগ খুঁজতে পারেন।

সাধারণভাবে অপরচুনিটি কার্ড সর্বোচ্চ এক বছরের জন্য দেওয়া হয়। যোগ্যতা অর্জনের ক্ষেত্রে দুটি প্রধান পথ রয়েছে।

একটি হলো জার্মানিতে স্বীকৃত বিদেশি পেশাগত বা একাডেমিক যোগ্যতা থাকা। অন্য পথটি পয়েন্টভিত্তিক ব্যবস্থা, যেখানে আবেদনকারীকে অন্তত ছয় পয়েন্ট অর্জন করতে হয়।

পয়েন্ট নির্ধারণের ক্ষেত্রে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, জার্মান বা অন্য ভাষায় দক্ষতা, বয়স এবং কাজের অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।

শুধু যোগ্যতা থাকলেই হবে না

অপরচুনিটি কার্ডের জন্য আবেদনকারীর জার্মানিতে থাকার সময় নিজের খরচ চালানোর সক্ষমতাও দেখাতে হয়। ২০২৬ সালের সরকারি তথ্য অনুযায়ী, মাসে ন্যূনতম ১ হাজার ৯১ ইউরোর সমপরিমাণ অর্থের ব্যবস্থা থাকার প্রমাণ প্রয়োজন হতে পারে।

জার্মানিতে পৌঁছে কার্ডধারীরা শুধু চাকরি খুঁজবেন এমন নয়, নির্দিষ্ট সীমার মধ্যে কাজও করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী, সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি সম্ভাব্য চাকরির উপযুক্ততা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক কাজের সুযোগও রয়েছে।

ভিসামুক্ত প্রবেশেও সতর্কতা

আট দেশের নাগরিকদের জন্য নিয়মটি তুলনামূলক সহজ হলেও জার্মান কর্তৃপক্ষ কিছু বিষয়ে সতর্ক করেছে। বিশেষ করে স্থানীয় অভিবাসন দপ্তরের নিয়ম ও আবেদন গ্রহণের প্রক্রিয়ায় পার্থক্য থাকতে পারে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাজ্যস্থ দূতাবাসের নির্দেশনায় বার্লিনের ক্ষেত্রে বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে। নির্দিষ্ট ধরনের ভিসা ছাড়া সেখানে গিয়ে স্থানীয়ভাবে অপরচুনিটি কার্ডের আবেদন করতে সমস্যার মুখে পড়ার আশঙ্কা থাকতে পারে।

তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট স্থানীয় বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আবেদন গ্রহণের সুযোগ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের আকৃষ্ট করার অন্যতম উদ্যোগ হিসেবে অপরচুনিটি কার্ড চালু করেছে দেশটি। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা জার্মানিতে গিয়ে সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। তবে ভিসামুক্ত প্রবেশের সুবিধা সীমিত কয়েকটি দেশের নাগরিকদের জন্যই; বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে আগাম ভিসা নেওয়ার নিয়ম বহাল রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank