

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস্ক এলাকায় একটি ‘টিইউ-২২এম৩’ বোমারু বিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অবতরণের সময় নামার পর্যায়ে গিয়ে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। পাশাপাশি ভূমিতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানানো হয়েছে। ঘটনাটি তদন্তে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিমানটির চারজন ক্রু সদস্য সময়মতো ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিমানটি খাড়া গতিতে নিচে নেমে এসে বনাঞ্চলে আছড়ে পড়ে এবং পরে আগুন ধরে যায়, যার ফলে ঘন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়।
ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রাথমিকভাবে ধারণা করেছেন, ইঞ্জিনে ত্রুটি ঘটাই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, ‘টিইউ-২২এম৩’ সোভিয়েত আমলে নির্মিত একটি সুপারসনিক কৌশলগত বোমারু বিমান, যা ন্যাটো কোডে ‘ব্যাকফায়ার’ নামে পরিচিত। এটি রাশিয়ার বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়ে আসছে, যার মধ্যে সিরিয়া ও ইউক্রেন যুদ্ধও রয়েছে।
