শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলাদেশিসহ নিহত ১৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

রাশিয়ার আমুর অঞ্চলে 'আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে' গত মঙ্গলবার (২৫ আগস্ট) এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশী শ্রমিক রয়েছেন। মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত ওই শ্রমিকের নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। নিহতের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে দূতাবাস।

এ ঘটনায় মো. আলাল হোসেন রাজু নামের আরেক বাংলাদেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। কয়েকটি মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে শনাক্ত না হওয়া লাশের মধ্যে নিখোঁজ রাজুও থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দূতাবাস কর্মকর্তারা।

আরও সাতজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাদের মস্কোর বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

রাশিয়ার আমুর অঞ্চলের প্রধান গ্যাস-রাসায়নিক প্রকল্প 'এজিসিসি'-তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমপ্লেক্সটি রাশিয়ার 'সিবুর' এবং চীনের 'সিনোপেক'-এর একটি যৌথ উদ্যোগ, যা এখনও নির্মাণাধীন।

আহত শ্রমিকদের চিকিৎসা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোস্থ দূতাবাস রুশ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

নিহত জাকিরের বকেয়া পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে দূতাবাস 'সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ এলএলসি'-এর সাথে আলোচনা করছে এবং তার মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিক ও তাদের পরিবার এবং রাশিয়ার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন