

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন বিচার বিভাগের সর্বশেষ প্রকাশিত এপস্টেইন নথিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে একটি ইমেইল। ইমেইলটির প্রেরক নিজেকে জেফ্রি এপস্টেইনের সাবেক কর্মী দাবি করে অভিযোগ করেছেন, নিউ মেক্সিকোর জোরো র্যাঞ্চ এলাকায় দুই ‘বিদেশি তরুণী’ মারা গিয়েছিলেন এবং তাদের দাফনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই অভিযোগগুলো যাচাই করা হয়নি এবং নথিতে এগুলোকে শুধুমাত্র অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর ডেইলি মেইলের।
২০১৯ সালের ২১ নভেম্বর পাঠানো ওই ইমেইলটি পরে এফবিআইয়ের কাছে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করার অংশ হিসেবে ইমেইলটি সামনে আসে। প্রেরকের নাম গোপন রাখা হয়েছে।
ইমেইলে বলা হয়েছে, প্রেরক জোরো র্যাঞ্চে কাজ করেছিলেন এবং সেখানে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তিনি আরও দাবি করেছেন যে, এপস্টেইন ও ‘ম্যাডাম জি’ নামে পরিচিত এক ব্যক্তির নির্দেশে ওই দাফন সম্পন্ন হয়। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ ইমেইলে দেওয়া হয়নি।
নথিতে উল্লেখ রয়েছে, প্রেরক কিছু ভিডিওর লিঙ্ক দেখানোর শর্তে অর্থ দাবি করেছেন। ইমেইলটি এপস্টেইনের মৃত্যুর কয়েক মাস পর এফবিআইয়ের কাছে পৌঁছায়। এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় মারা যান।
প্রকাশিত নথিতে এপস্টেইনের সম্পত্তি সম্পর্কেও তথ্য রয়েছে। ১৯৯৩ সালে কেনা জোরো র্যাঞ্চটি তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন এবং পরে বিক্রি করা হয়। এই র্যাঞ্চ আগে থেকেই বিচ্ছিন্ন অবস্থান ও গোপন যাতায়াতের কারণে আলোচনায় ছিল।
বিশ্লেষকেরা বলছেন, নথিতে থাকা অভিযোগগুলো গুরুতর হলেও যাচাই ছাড়া এগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে ধরা যাবে না। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত নথির ভিত্তিতে প্রয়োজন হলে তদন্ত এগিয়ে নেওয়া হবে।
মন্তব্য করুন
