শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কয়েক দিনের রোদঝলমলে আবহাওয়ার পর বুধবার (১৫ জুলাই) সকালেই মেঘে ঢেকে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে এ দফায় ভারী বর্ষণের আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সকাল ১০টার দিকে এর অবস্থান আরও স্পষ্ট হতে পারে। তবে লঘুচাপ তৈরি হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব অনুভূত হয়। সে হিসেবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

তিনি বলেন, এবারের বৃষ্টিপাত গত সপ্তাহের মতো তীব্র হওয়ার সম্ভাবনা নেই। রাজধানীতে বুধবার সকালে হালকা বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও ভারী বর্ষণের আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৫ জুলাই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও পরে তা সিলেটসহ দেশের প্রায় সব এলাকায় ছড়িয়ে পড়ে।

সংস্থাটির হিসাবে, ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত সময়েই চলতি মাসের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ হয়েছে। বুধবার সকালেও রাজধানীর আকাশ ছিল মেঘলা। পূর্বাভাসে বলা হয়েছে, সকালে হালকা বৃষ্টি এবং বিকেলে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের ধারণা, নতুন লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হলে তা প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে দেখা দিতে পারে। পরে ধীরে ধীরে অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়বে। তবে এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

বুধবার সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ায় মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যেখানে আগের দিন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন