বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীত নিয়ে ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম
কুয়াশাচ্ছন্ন সকাল
expand
কুয়াশাচ্ছন্ন সকাল

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় সারাদেশে শীতের তীব্রতা আগের তুলনায় কম অনুভূত হচ্ছে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও হ্রাস পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার ও বুধবার আবহাওয়ার এই ধারা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে কুয়াশার ঘনত্ব ও স্থায়িত্ব কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুয়াশা বাড়লে দিনের বেলায় সূর্যের আলো কম পৌঁছাতে পারে, ফলে শীতের অনুভূতি আবার কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বর্তমানে দেশের সামগ্রিক আবহাওয়ায় শীতের প্রভাব কিছুটা কমেছে। আগামী দুই দিন এই অবস্থা বজায় থাকতে পারে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার দিনে কুয়াশা তুলনামূলক বেশি হতে পারে, যার কারণে সূর্যের আলো কম পেয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। পরবর্তীতে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে পারে, যা ২০ বা ২১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে আগের দিনের তুলনায় সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে শৈত্যপ্রবাহের প্রভাবও কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে গেছে। এসব জেলা হলো—রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এই শৈত্যপ্রবাহ আজও কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ১ ডিগ্রি বেশি। ঢাকাতেও তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও দিনের তাপমাত্রা বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, বুধবার রাত থেকে কুয়াশার ঘনত্ব ও স্থায়িত্ব আরও বাড়তে পারে। আগামী দুই দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup