সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, নতুন করে আলোচনায় যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নাম প্রায় চূড়ান্ত বলেই মনে করা হচ্ছিল। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির সঙ্গে আলোচনা ইতিবাচক পর্যায়েও পৌঁছেছিল। তবে শেষ মুহূর্তে সেই সম্ভাবনায় ভাটা পড়েছে। রাজনৈতিক বিতর্ক এবং একটি রুশ প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক শেষ পর্যন্ত তার পথ আটকে দিয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পিরলো নিজেই জানান, তিনি আর ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী নন। আগের রাতেই বিষয়টি তাকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন ২০০৬ বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডার।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেটের সঙ্গে পিরলোর চুক্তি। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। ইতালির কয়েকজন রাজনীতিক এই সম্পর্ক নিয়ে আপত্তি তোলেন। তাদের যুক্তি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ইতালির সরকারি অবস্থানের সঙ্গে এমন বাণিজ্যিক সম্পৃক্ততা জাতীয় দলের কোচের ক্ষেত্রে বিতর্কের জন্ম দিতে পারে।

যদিও পিরলোর দাবি, এই চুক্তির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তার ভাষ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে পেশাদার কাজের অংশ হিসেবেই তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এটি কেবল একটি বাণিজ্যিক ও ক্রীড়াভিত্তিক অংশীদারত্ব। এ নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করানো তার ব্যক্তিগত বিশ্বাস বা অবস্থানের সঠিক প্রতিফলন নয় বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব দুবাই ইউনাইটেডের দায়িত্বে রয়েছেন পিরলো। ইতালির জাতীয় দলের দায়িত্ব পেলে ক্লাব ছাড়তে প্রস্তুত ছিলেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

কোচিং ক্যারিয়ারে পিরলোর অভিজ্ঞতা এখনও সীমিত। জুভেন্টাসের দায়িত্বে থাকাকালে ইতালিয়ান কাপ ও সুপারকাপ জিতলেও দীর্ঘমেয়াদে সফল হতে পারেননি। পরে সাম্পদোরিয়াতেও তার সময়টা প্রত্যাশামাফিক যায়নি।

পিরলোর সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর ইতালির কোচ হওয়ার আলোচনায় আবার সামনে এসেছে পরিচিত দুটি নাম—রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তে। মানচিনির অধীনেই ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। অন্যদিকে জাতীয় দলে শিরোপা না জিতলেও ক্লাব ফুটবলে কন্তের সাফল্যের তালিকা সমৃদ্ধ। জুভেন্টাস, ইন্টার মিলান ও নাপোলিকে লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চেলসির হয়ে প্রিমিয়ার লিগও জিতেছেন তিনি।

ইতালিয়ান ফুটবল বর্তমানে কঠিন সময় পার করছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ এই ব্যর্থতার পর আবারও ইউরোপ ও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরতে অভিজ্ঞ ও সফল একজন কোচের দিকেই ঝুঁকছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন