

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের কনিষ্ঠ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন।
২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেওয়া ইয়ামাল গোল করার সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এর ফলে বিশ্বকাপ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখান তিনি।
এর আগে এই তালিকায় ইয়ামালের ঠিক ওপরে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে গোল করার সময় মেসির বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। অর্থাৎ ১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন স্প্যানিশ এই তরুণ।
শুধু তাই নয়, স্পেনের ইতিহাসেও এখন দ্বিতীয় কনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা ইয়ামাল। তাঁর চেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল গাভির। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে গোল করার সময় গাভির বয়স ছিল ১৮ বছর ১১০ দিন।
বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড অবশ্য এখনো অক্ষুণ্ন রয়েছে ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই গোল করা একমাত্র ফুটবলারও তিনি।
বিশ্বকাপ ইতিহাসের কনিষ্ঠ ১০ গোলদাতা
১. পেলে (ব্রাজিল) — ১৭ বছর ২৩৯ দিন ২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) — ১৮ বছর ৯৩ দিন ৩. গাভি (স্পেন) — ১৮ বছর ১১০ দিন ৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) — ১৮ বছর ১৪৩ দিন ৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) — ১৮ বছর ১৯০ দিন ৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) — ১৮ বছর ১৯৭ দিন ৭. দমিত্রি সিচেভ (রাশিয়া) — ১৮ বছর ২৩১ দিন ৮. লামিন ইয়ামাল (স্পেন) — ১৮ বছর ৩৪৩ দিন ৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ বছর ৩৫৭ দিন ১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) — ১৯ বছর ২৫ দিন
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্পেন। ইয়ামালের গোলের পর মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে ৪-০ ব্যবধানের বড় জয় পায় স্প্যানিশরা।
