মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হচ্ছেন নেইমার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২:২৭ পিএম
পরিবারের সাথে নেইমার জুনিয়র ।। ছবি: সংগৃহীত
expand
পরিবারের সাথে নেইমার জুনিয়র ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমার পেলেন ব্যক্তিগত জীবনের বড় সুখবর। ব্রাজিলিয়ান তারকা ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছেন, তাদের পরিবারে আসছে নতুন অতিথি; আরেক কন্যাসন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব ভিডিওর মাধ্যমে সুখবরটি জানান ব্রুনা। পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সন্তানের লিঙ্গ প্রকাশ করা হয়। সেখানে নেইমার, ব্রুনা ও তাদের সন্তানরা অংশ নেন। গোলাপি রঙের মাধ্যমে জানানো হয়, তাদের ঘরে আসছে আরেক মেয়ে।

অনুষ্ঠানে নেইমারকে বেশ আনন্দিত দেখা যায়। মজা করে তিনি বলেন, পরিবারের মেয়ের সংখ্যা বাড়তে থাকায় একসময় তিনি ‘পাগল’ হয়ে যেতে পারেন। রসিকতার ছলে তিনি আরও বলেন, মেয়েদের নিয়ে একটি ব্যান্ড তৈরি করলে সেটির নাম দিতে পারেন ‘স্পাইস গার্লস’। পাশাপাশি আগামী দিনে ছেলে সন্তানের ইচ্ছার কথাও মজার ছলে উল্লেখ করেন তিনি।

ব্রুনার সঙ্গে এটি নেইমারের তৃতীয় সন্তান হতে যাচ্ছে। এই দম্পতির আগে দুই মেয়ে রয়েছে; মাভি ও মেল। নতুন সন্তান জন্ম নিলে ব্রুনার সঙ্গে নেইমারের কন্যাসন্তানের সংখ্যা দাঁড়াবে তিনে।

সব মিলিয়ে নেইমার এবার পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন। ব্রুনার সন্তানদের পাশাপাশি তার বড় ছেলে দাভি লুকা রয়েছে ক্যারল দান্তাসের সঙ্গে। এছাড়া মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে তার মেয়ে হেলেনাও আছে।

পরিবারে নতুন সদস্য আসার খবরটি এসেছে এমন সময়ে, যখন নেইমার বিশ্বকাপের দলে থাকলেও চোটের কারণে মাঠে নামতে পারছেন না। সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেছনের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে না পারায় গ্রুপ পর্বে তার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ব্রাজিলের মেডিকেল টিমের লক্ষ্য, নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় নকআউট পর্বে পাওয়া। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকলেও মাঠে নামেননি তিনি। ম্যাচটি ১-১ গোলে ড্র করে ব্রাজিল।

সামনে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে। মাঠে ফেরার অপেক্ষার মধ্যেই নেইমারের জীবনে নতুন এই আনন্দের খবর এনে দিয়েছে অন্যরকম এক উচ্ছ্বাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup