বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শাপলা চত্বর গণহত্যা

তদন্তে সম্পৃক্ততা মিলেছে, আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন
expand
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন করে আসামি করা হচ্ছে।

প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত সংস্থা তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাব কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে এ মামলায় আসামি করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, “আসলে কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই প্রকাশ করতে পারছি না। তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণ প্রতিবেদন পাওয়ার আশাবাদী আমরা। তদন্ত সংস্থা এ নিয়ে কাজ করছে।”

নারকীয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, “শাপলা চত্বরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড গোটা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তারা সিভিলিয়ান বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যেই হোক—সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। গত ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন নতুন দিন ধার্য করেছেন মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

এ দিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে বর্তমানে কারাগারে রয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একই মামলায় তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দিও দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন