বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েতনামের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বাদ বাংলাদেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম
expand
ভিয়েতনামের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বাদ বাংলাদেশ 

এএফসি অ-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এ ম্যাচে অন্তত ড্র করলেই গ্রুপের তৃতীয় স্থানে থেকে পরবর্তী রাউন্ডে যেতে পারত। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের হারে সমস্ত সম্ভাবনা ভেস্তে যায়।

থাইল্যান্ডের নন্থাবুরিতে কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখার লড়াইয়ে ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ লড়াই চালিয়ে গোলশূন্য সমতায় বিরতিতে যায়। কিন্তু দ্বিতীয়ার্থের শুরুতেই ঘটে সেই দুর্ভাগ্যজনক ঘটনা। ৪৯ মিনিটে মাঝমাঠের কিছুটা সামনে থেকে নেওয়া ভিয়েতনামের লম্বা ফ্রি-কিক উড়ে আসে বাংলাদেশের ডি-বক্সের ভেতর।

গোলরক্ষক মিলি আক্তার নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে বলটি লুফে নিতে চেয়েছিলেন। কিন্তু বল হাতে লাগলেও গ্রিপে রাখতে পারেননি। তাঁর হাত ফস্কে বল ঠিক গোললাইনের সামনে পড়ে যায়। সেখানে গোলের জন্য ওত পেতে থাকা ভিয়েতনামের ডিফেন্ডার এনগুয়েন থি থুই লিন আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন। এই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচজুড়ে দাপট ছিল ভিয়েতনামেরই। যোগ্যতর দল হিসেবেই তারা মাঠ ছেড়েছে। অন্যদিকে, এমন বাঁচা-মরার ম্যাচেও বাংলাদেশ দল তেমন ধারালো আক্রমণ গড়ে তুলতে পারেনি। স্ট্রাইকার সাগরিকাকে সামনে রেখে সাজানো আক্রমণভাগ ভিয়েতনামের রক্ষণভাগে কোনো ভীতি ছড়াতে পারেনি। গোল করার মতো পরিষ্কার সুযোগও সেভাবে তৈরি করতে পারেননি পিটার বাটলারের শিষ্যরা।

বাংলাদেশকে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে ভিয়েতনাম। তিন ম্যাচের সব কটিতে হেরে তালিকার তলানিতে অর্থাৎ চতুর্থ হয়ে আসর শেষ করল বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন