

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংলিশ প্রিমিয়ার লিগে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে ডিফেন্ডার ভার্জির ফন ডাইকের রেকর্ড গড়া গোলে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। অন্যদিকে ঘরের মাঠে ফুলহ্যামকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপার লড়াইয়ে আর্সেনালকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো ম্যানচেস্টার সিটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) স্যান্ডারল্যান্ডের ঘরের মাঠে আতিথেয়তা নেয় লিভারপুল। এদিন শুরু থেকেই মাঝমাঠ নিয়ন্ত্রণে নিলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না ‘রেড ডেভিলরা’।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় গোল শূণ্য সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরেও একাধিক বার গোলের সম্ভাবনা তৈরি করে আর্নে স্লটের শিষ্যরা।
ম্যাচের ৬১তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেড করেন ভার্জিল ফন ডাইক। ডিফেন্ডার হাবিব দিয়ারা জাল অক্ষত রাখার চেষ্টা করলেও পারেননি। এতেই ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
লিভারপুলের জার্সিতে লিগে ২৬০ ম্যাচে ফন ডাইকের এটা ২৩তম গোল। এর মাধ্যমে দলের সর্বোচ্চ গোল করা ডিফেন্ডার বনে গেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গোল আছে ফিনিশ ফুটবলার সামি হাইপিয়ার। হাইপিয়া ১৯৯৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে ৩১৮ ম্যাচ খেলেছেন।
এদিকে অন্য ম্যাচে ইতিহাদে ফুলহ্যামের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে নিকো ও’রেইলি ও এরলিং হল্যান্ডের করা গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিন সিটির তিনটি গোলই প্রথমার্ধে। একচেটিয়া চাপ ধরে রেখে ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। কাছ থেকে গোলটি করেন সেমেনিও।
এরপর ৩০তম মিনিটে ঘানার এই ফরোয়ার্ডের ক্রস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ও’রাইলি।
আর ৩৯তম মিনিটে ফিল ফোডেনের পাস পেয়ে, ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন হলান্ড। মাঝে সাত ম্যাচে একটি মাত্র গোল করতে পারা নরওয়ের এই তারকা এবার টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন।
সিটির এই জয়ে শিরোপা প্রত্যাশী আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াল ৩, অন্য অর্থে আর্সেনালের ওপর চাপ বাড়ল। যদিও গানার্সরা সিটির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।
২৬ ম্যাচে পেপ গার্দিওলার শিষ্যদের পয়েন্ট ৫৩, ২৫ ম্যাচে আর্সেনালের ৫৬। লিভারপুল ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৬ নম্বরে।
মন্তব্য করুন

