সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে আর্জেন্টিনার ‘অপয়া’ রেফারি, স্পেনের অভিজ্ঞতা কেমন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ফিফা। আন্তর্জাতিক ও ইউরোপীয় ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা থাকা ভিনচিচ এবার ক্যারিয়ারের অন্যতম বড় দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনালে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন ৪৬ বছর বয়সী ভিনচিচ। সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আলকালাফ।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে ইউরোপীয় ফুটবলের অনেক বড় ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। তার ঝুলিতে রয়েছে ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা।

বিশ্বকাপে প্রথমবার দায়িত্ব পান ২০২২ সালের কাতার আসরে। সেই টুর্নামেন্টে দুটি ম্যাচ পরিচালনার পর চলমান বিশ্বকাপেও ইতোমধ্যে তিনটি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। ফলে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল হবে তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ দায়িত্ব।

আর্জেন্টিনার সঙ্গে তিক্ত এক স্মৃতি

ভিনচিচ এখন পর্যন্ত মাত্র একবার আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। সেটি ছিল ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ, যেখানে ২–১ ব্যবধানে হেরে টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারায় লিওনেল মেসির দল। সেটিই এখন পর্যন্ত ভিনচিচের অধীনে আর্জেন্টিনার একমাত্র ম্যাচ।

সেই ম্যাচে শুরুতেই আর্জেন্টিনা একটি পেনাল্টি পেয়েছিল, যা থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। পুরো ম্যাচে সৌদি আরবের খেলোয়াড়দের একাধিক হলুদ কার্ড দেখালেও আর্জেন্টিনার কাউকে সতর্ক করেননি ভিনচিচ। তবু শেষ পর্যন্ত অপ্রত্যাশিত পরাজয় এড়াতে পারেনি আলবিসেলেস্তেরা।

স্পেনের জন্য পরিচিত মুখ

স্পেনের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। ইউরোপীয় প্রতিযোগিতায় নিয়মিত দায়িত্ব পালনের কারণে লা রোজার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। প্রীতি ম্যাচ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশনস লিগ—সব মিলিয়ে স্পেনের সঙ্গে তাঁর অভিজ্ঞতা দীর্ঘদিনের।

বর্তমান প্রজন্মের তারকা লামিন ইয়ামালের আন্তর্জাতিক ক্যারিয়ারেও ভিনচিচ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। দুটিই ছিল ইউরো ২০২৪-এ স্পেনের শিরোপা অভিযানের অংশ। ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের জয় এবং ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে স্পেনের জয়ের ম্যাচে বাঁশি ছিল তাঁর হাতেই। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচেই দুর্দান্ত দূরপাল্লার গোলে আলোচনায় আসেন ইয়ামাল।

ফলে বিশ্বকাপের ফাইনালে ভিনচিচকে ঘিরে দুই দলের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। আর্জেন্টিনার কাছে তিনি স্মরণ করিয়ে দেন একটি ঐতিহাসিক অঘটনের কথা, আর স্পেনের জন্য তিনি সাম্প্রতিক সাফল্যের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী। এবার সেই অভিজ্ঞ রেফারির বাঁশিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন