

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল লামিন ইয়ামালের ফিটনেস। নিয়মিত অনুশীলনে অনুপস্থিতি এবং বাঁ উরুতে ব্যান্ডেজ দেখা যাওয়ায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে সেই উদ্বেগ দূর করে ইতালির খ্যাতিমান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন স্পেনের এই তরুণ তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোমানো জানান, ইয়ামাল শতভাগ ফিট এবং শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের শুরুর একাদশেই থাকবেন। তার ভাষ্য অনুযায়ী, উরুতে সামান্য অস্বস্তি থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি অনুশীলন সেশন থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এটি গুরুতর কোনো চোট নয়।
আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইয়ামালের অনুশীলনে অনুপস্থিতি স্পেন সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।
কারণ চলতি আসরে স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা তিনি। গতি, ড্রিবলিং, রক্ষণ ভাঙার দক্ষতা এবং সুযোগ তৈরির ক্ষমতায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন এই তরুণ উইঙ্গার।
শুধু ইয়ামালই নন, ডিফেন্ডার পেদ্রো পোরোর শারীরিক অবস্থাও প্রশ্নের জন্ম দিয়েছিল। নিউ জার্সিতে দলের অনুশীলনের সময় এই দুই ফুটবলারকে আলাদাভাবে হালকা অনুশীলন করতে দেখা যায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে শুরু থেকেই বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ইয়ামাল বা পোরো—কারওই গুরুতর কোনো চোট নেই। সেমিফাইনাল পর্যন্ত টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে খেলোয়াড়দের সতেজ রাখতে পরিকল্পিতভাবেই তাদের আলাদা অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, শুক্রবার থেকেই ইয়ামাল ও পোরো দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরবেন। ফাইনালের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাই ধাপে ধাপে দুই ফুটবলারকে পূর্ণ ফিটনেসে ফিরিয়ে আনার পরিকল্পনা অনুসরণ করছে কোচিং স্টাফ।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইয়ামালের ফিটনেস নিয়ে আর কোনো বড় শঙ্কা নেই। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে স্পেনের শুরুর একাদশেই দেখা যাবে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল এই তরুণ তারকাকে।
