

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে অবশেষে বড় স্বস্তির খবর পেল বার্সেলোনা। লা লিগার পুরোনো ‘১:১’ আর্থিক নিয়মে ফিরেছে কাতালান ক্লাবটি, ফলে এবার দলবদলের বাজারে অনেক বেশি স্বাধীনভাবে খেলোয়াড় কেনাবেচা করতে পারবে তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এতদিন কঠোর আর্থিক বিধিনিষেধের কারণে নতুন খেলোয়াড় নিবন্ধন ও দল গঠনে নানা জটিলতায় পড়তে হয়েছিল বার্সেলোনাকে। তবে ক্লাবের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় তারা আবারও ‘১:১’ নিয়মের আওতায় ফিরেছে।
বুধবার এক অনুষ্ঠানে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস এবং বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, ক্লাবের আর্থিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্পর্কে দুই পক্ষই অবগত ছিল। দীর্ঘ সময়ের অর্থনৈতিক সংকট কাটিয়ে এই অগ্রগতি বার্সেলোনা বোর্ডের জন্য বড় স্বস্তি হিসেবে এসেছে।
‘১:১’ নিয়মে ফেরার সবচেয়ে বড় সুবিধা হলো, খেলোয়াড় বিক্রি করে যে অর্থ আয় হবে, তার পুরোটা নতুন খেলোয়াড় কেনা বা নিবন্ধনের কাজে ব্যয় করতে পারবে ক্লাব। আগে সেই অর্থের মাত্র এক-চতুর্থাংশ খরচ করার অনুমতি ছিল।
এর ফলে আনসু ফাতিকে বিক্রি করে পাওয়া ১ কোটি ১০ লাখ ইউরো এবং ইনিয়াকি পেনিয়াকে ছেড়ে পাওয়া ৩০ লাখ ইউরো পুরোপুরি দল শক্তিশালী করার কাজে ব্যবহার করতে পারবে বার্সেলোনা। একইভাবে, ভবিষ্যতে মার্ক কাসাদোকে যদি তিন কোটি ইউরোতে বিক্রি করা হয়, সেই অর্থও সম্পূর্ণভাবে নতুন বিনিয়োগে ব্যয় করার সুযোগ পাবে কাতালান ক্লাবটি।
এছাড়া ক্লাব তাদের বেতনের খরচও অনেকটা কমাতে পেরেছে। বেশি বেতন পাওয়া কয়েকজন খেলোয়াড় ক্লাব ছাড়ায় প্রায় আটান্ন মিলিয়ন ইউরোর মতো জায়গা খালি হয়েছে। মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং কাসাদো ক্লাব ছাড়লে এই অঙ্ক আরও বাড়তে পারে। এই সুবিধার কারণেই অ্যান্থনি গর্ডনকে দলে টানা সম্ভব হয়েছে। আটলেটিকো মাদ্রিদের তারকা হুলিয়ান আলভারেজের পেছনেও বার্সা লেগে আছে।
খেলোয়াড় নিবন্ধন নিয়েও আর দুশ্চিন্তা থাকছে না। আগের মৌসুমগুলোতে দানি অলমো ও পাউ ভিক্তরের মতো খেলোয়াড়দের নিবন্ধনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতো। লা লিগার অনুমোদন পেতে দেরি হওয়ায় সমর্থকরাও চিন্তায় থাকতেন। নতুন নিয়মে এই ঝামেলা অনেকটাই কমে যাবে।


