বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চোটে থামেনি স্বপ্ন, সতীর্থদের উদ্দেশে রাফিনিয়ার আবেগভরা বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৪৭ এএম আপডেট : ২৫ জুন ২০২৬, ০২:৪৮ এএম
ব্রাজিলের উইঙ্গার রাফিনহা
expand
ব্রাজিলের উইঙ্গার রাফিনহা

বিশ্বকাপের মাঝপথে চোটে ছিটকে পড়ার শঙ্কায় আছেন ব্রাজিলের উইঙ্গার রাফিনহা। তবে এই ধাক্কায় ভেঙে পড়তে রাজি নন বার্সেলোনা তারকা। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় রাফিনহাকে। ডান পায়ে অস্বস্তি অনুভব করার পর তাকে উঠিয়ে নেওয়া। পরে পরীক্ষায় তার ডান উরুর পেশিতে চোট ধরা পড়ে। ফলে বিশ্বকাপে তার বাকি পথচলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রাফিনিয়া দলের সঙ্গেই থাকছেন এবং বিশেষ পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।

চোটের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। জাতীয় দলে শুরুর সময়কার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'এই ছবিটাই বেছে নিয়েছি, কারণ এটি আমাকে মনে করিয়ে দেয় সবকিছুর শুরুর কথা।

ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর যে স্বপ্ন একসময় দেখতাম, সেই ছেলেটি আজও আছে। একই স্বপ্ন, একই কৃতজ্ঞতা আর দেশের প্রতিনিধিত্ব করার একই তীব্র ইচ্ছা নিয়ে।'

রাফিনহা আরও লেখেন, 'আমি ফুটবল ভালোবাসি, যা করি তা ভালোবাসি এবং ব্রাজিলের জার্সি পরে খেলতে ভালোবাসি। যারা আমাকে চেনে, তারা জানে আমি নিজের কাছে কতটা দাবি রাখি এবং প্রতিদিন আরও ভালো হওয়ার জন্য কত কঠোর পরিশ্রম করি। এটা কখনো বদলাবে না। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।'

চোটের কারণে বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন এই উইঙ্গার। তিনি জানিয়েছেন, দলের সঙ্গেই থাকতে চান এবং সতীর্থদের পাশে থেকে ব্রাজিলের লক্ষ্য পূরণে অবদান রাখতে চান।

তার ভাষায়, 'আমি আমার সতীর্থদের পাশে থাকতে চাই, আমাদের লক্ষ্য পূরণের লড়াইয়ে থাকতে চাই। এই জার্সির সম্মান রক্ষা করতে এবং ব্রাজিলের সমর্থকদের আনন্দ দিতে আমি সর্বোচ্চটা দিতে চাই। আমি মানসিকভাবে এখনও দৃঢ় আছি।'

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে রাফিনিয়া খেলতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে। তার জায়গায় ১৯ বছর বয়সী রায়ানকে নামানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া নেইমার, লুইজ হেনরিকে, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও এন্দ্রিকও বিকল্প হিসেবে বিবেচনায় আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS Mexico
Scheduled
25 Jun, 07:00 AM
VS
World Cup