

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের মঞ্চে শুরুটা ভালো হয়নি মিশরের। ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল মোহাম্মদ সালাহর দল। তবে বিরতির পর বদলে যায় পুরো চিত্র। দুর্দান্ত প্রত্যাবর্তনে নিউজিল্যান্ডের জালে তিনবার বল পাঠিয়ে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে মিশর।
সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ১৫ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে কিউইদের লিড এনে দেন ফিন সারম্যান।
মাইকেল পেইনের নেওয়া কর্নার থেকে উঁচুতে লাফিয়ে উঠে নিখুঁত হেডে গোল করেন সারম্যান। গোল হজমের পরও প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ তৈরি করতে পারেনি মিশর। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড।
তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় মিশরকে। আক্রমণের তীব্রতা বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা।
৫৮ মিনিটে সমতায় ফেরে মিশর। ডান প্রান্ত থেকে মোহামেদ হানির দারুণ ক্রসে বক্সের ভেতরে ফাঁকা জায়গায় থাকা মোহাম্মদ জিকো হেডে বল জালে পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা ফেরান।
সমতায় ফেরার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিশর। ৬৭ মিনিটে দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ নিজের নাম লেখান স্কোরশিটে। জিকোর সঙ্গে চমৎকার পাস আদান-প্রদানের পর বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
লিড পাওয়ার পরও থামেনি মিশর। ৮২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন বদলি খেলোয়াড় ডেভিড ত্রেজেগে। ডান দিক থেকে আসা নিখুঁত ক্রসে হেড করে বল জালে পাঠিয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। গোলটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সালাহ।
শেষ দিকে ব্যবধান কমানোর চেষ্টা চালালেও আর কোনো গোল আদায় করতে পারেনি নিউজিল্যান্ড। ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিশর।
