রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে আবিকা গোর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
অভিনেত্রী আবিকা গোর
expand
অভিনেত্রী আবিকা গোর

টানা পাঁচ দিন ধরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শরীর এতটাই দুর্বল ছিল যে, ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। তবুও কাজের প্রতি দায়বদ্ধতা থেকে শুটিং থামাননি পরিচিত অভিনেত্রী আবিকা গোর।

তবে শেষরক্ষা হয়নি, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষমেশ তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। আর পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

গত শুক্রবার আবিকার শারীরিক অবস্থার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তার স্বামী মিলিন্দ চান্দওয়ানী। তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন আবিকা।

এর মধ্যেই দুদিনের কাজের প্রতিশ্রুতি রাখতে সেটে হাজির হন তিনি। ১০৪ ডিগ্রি জ্বর থাকা সত্ত্বেও এমনভাবে মন দিয়ে কাজ করেছেন যে দুদিনের শুটিং তিনি এক দিনেই শেষ করে দেন।

এরপর দুই দিনের বিরতি মিললেও আবিকার শরীরের কোনো উন্নতি হয়নি। মিলিন্দ জানান, ওই সময় প্রায় পুরোটা দিনই তিনি বিছানায় শুয়ে কাটিয়েছেন, ঠিকমতো খেতেও পারছিলেন না।

কিন্তু এরপরও নিজের কথা রাখতে ডেঙ্গুর উপসর্গ নিয়েই তিনি উড়াল দেন দিল্লির উদ্দেশে- একটি বিজ্ঞাপনের কাজে।

অবশ্য দিল্লি রওনা হওয়ার আগেই রক্ত পরীক্ষা করিয়ে গিয়েছিলেন। মুম্বাইয়ে ফিরে রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

মিলিন্দ বারবার আবিকাকে কাজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে প্রযোজকেরা নিশ্চয়ই বিষয়টি মানবিক দৃষ্টিতেই দেখবেন।

তবে আবিকা রাজি হননি, তার যুক্তি ছিল- কাজ পিছিয়ে গেলে অনেকের সময় নষ্ট হবে এবং বড় আর্থিক ক্ষতি হতে পারে।

স্ত্রীর এই কাজের প্রতি সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন মিলিন্দ। সহকর্মীদের সময় ও শ্রমের প্রতি আবিকার এই সম্মান সত্যিই বিরল উল্লেখ করে তিনি ভক্তদের কাছে স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপনের দলের এক সদস্য জানান, দিল্লিতে শুটিংয়ের সময় আবিকা একেবারেই দাঁড়াতে পারছিলেন না, খাবার খাওয়া প্রায় বন্ধ ছিল এবং পুরোটা সময় শুধু ওআরএস (ORS) খেয়ে শক্তি জোগাচ্ছিলেন।

এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আবিকার দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২৫ সালের জুনে আংটি বদল এবং সেপ্টেম্বরে বিয়েবন্ধনে আবদ্ধ হন আবিকা ও মিলিন্দ। বর্তমানে সবাই প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন