সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:৪৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বড় ধরনের প্রশাসনিক জটিলতায় পড়েছিল উরুগুয়ে। সৌদি আরবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র একদিন আগে ফিফার নথিপত্র সংক্রান্ত ভুলে দীর্ঘ সময় আটকে থাকে দলটির যুক্তরাষ্ট্রগামী যাত্রা। শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থায় মায়ামির উদ্দেশে রওনা হতে সক্ষম হয় দক্ষিণ আমেরিকার দলটি।

মঙ্গলবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। তবে ম্যাচের আগে প্রস্তুতির শেষ সময়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখে পড়ে তারা।

উরুগুইয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মেক্সিকোর কানকুন থেকে মায়ামির উদ্দেশে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে ওঠার প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়নি। পরে যাচাই-বাছাইয়ে জানা যায়, উড্ডয়নের জন্য প্রয়োজনীয় বিশেষ নথিপত্র প্রস্তুত করা হয়নি।

এর ফলে নির্ধারিত সময়ের ফ্লাইট বাতিল হয়ে যায় এবং পুরো দলকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরিস্থিতি সামাল দিতে পরে নতুন একটি বিমান ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে দলটিকে দক্ষিণ ফ্লোরিডায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

রোববার এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল ফেডারেশন জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু কারণে যাত্রা বিলম্বিত হয়েছে। একই সঙ্গে জানানো হয়, ফিফা নতুন করে উড্ডয়নের সময় নির্ধারণ করেছে এবং দল হোটেলে অবস্থান করছে।

ঘটনার জন্য ফিফার দায় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ফেডারেশনের এক মুখপাত্র স্পষ্টভাবে জানান, সমস্যার উৎস ছিল আয়োজকদের পক্ষের নথিপত্র সংক্রান্ত ত্রুটি।

এই বিলম্বের প্রভাব পড়ে দলের আনুষ্ঠানিক কার্যক্রমেও। কোচ মার্সেলো বিয়েলসা এবং ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসের নির্ধারিত সংবাদ সম্মেলন পিছিয়ে দিতে হয়। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ে না হলে সংশ্লিষ্ট দলকে জরিমানার মুখোমুখি হতে হতে পারে। ফলে ভুলের জন্য দায়ী না হয়েও প্রশাসনিক জটিলতার কারণে শাস্তির ঝুঁকিতে পড়ে উরুগুয়ে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অসন্তোষও প্রকাশ করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। তারা সাবেক তারকা ফরোয়ার্ড দিয়েগো ফোরলানের একটি পুরোনো পোস্ট শেয়ার করে স্মরণ করিয়ে দেয়, বিশ্বকাপের আগে ভ্রমণ-সংক্রান্ত জটিলতায় পড়ার ঘটনা তাদের জন্য নতুন নয়।

সব জটিলতা কাটিয়ে অবশেষে মায়ামির পথে রওনা হওয়ায় স্বস্তি ফিরেছে উরুগুয়ে শিবিরে। এখন তাদের পুরো মনোযোগ সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup