শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সিরিজ খেলতে আগ্রহী নেপাল, ইতিবাচক বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে চায় নেপাল। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে নেপালের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল নেপাল।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের জাতীয় ক্রিকেট দলের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। আর নেপালের এমন আগ্রহেই ইতবাচক সাড়া দেয় বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তবে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি আগে থেকেই বেশ ব্যস্ত। সেই ব্যস্ততার মধ্যেই উপযুক্ত সময় বের করার চেষ্টা করছে বিসিবি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের শাহরিয়ার নাফীস বলেন, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং সময় মেলানো সম্ভব হলে এই চক্রের মধ্যেই সিরিজটি আয়োজন করা হতে পারে।

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে নেপালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের অনুপ্রাণিত করার একটি উদ্যোগ হিসেবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী বছরের শুরুতেই সিরিজটি হওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশের সামনে অবশ্য এর আগে বেশ কিছু ব্যস্ততা রয়েছে। অস্ট্রেলিয়া সফর শেষ করা দলটি এখন এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রস্তুতি নেবে। চলতি মাসের শেষ দিকে এশিয়ান গেমস শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টের পাশাপাশি জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজও খেলবে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank