সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শচীনের পর এবার পন্টিংকেও ছাড়িয়ে গেলেন রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লর্ডসে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে জো রুটের ব্যাট থেমেছে মাত্র ২৪ রানে। স্বাভাবিকভাবেই ইনিংসটি নিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানের সন্তুষ্ট হওয়ার কথা নয়। তবে অল্প এই রানই এক বিশেষ রেকর্ড গড়েছেন এই ইংলিশ ব্যাটার। নিজের দেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রিকি পন্টিংকে পেছনে ফেলেছেন রুট।

ইংল্যান্ডের মাটিতে রুটের টেস্ট রান এখন ৭৫৯৪। অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিং করেছিলেন ৭৫৭৮ রান। এত দিন এই তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে ১৬ রানে ছাড়িয়ে গেছেন রুট।

নিজ দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার। ভারতে খেলে তার সংগ্রহ ৭২১৬ রান। সেই মাইলফলক অবশ্য রুট আগেই পেরিয়ে গেছেন। এবার পন্টিংকেও টপকে যাওয়ায় নিজের দেশের মাটিতে রুটের আধিপত্য আরও স্পষ্ট হলো।

তবে রুটের সামনে এখন আরও বড় লক্ষ্য। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। ২০০ টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান। রুট এখন পর্যন্ত ১৬৮ টেস্টে করেছেন ১৪ হাজার ২০৮ রান। শচীনের রেকর্ডে পৌঁছাতে হলে তাকে আরও ১৭১৩ রান করতে হবে।

রুটের বর্তমান ফর্ম ও দীর্ঘ ক্যারিয়ার বিবেচনায় তাই প্রশ্ন উঠছে—শেষ পর্যন্ত কি শচীনের রেকর্ডও ছুঁতে পারবেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান?

রুটের বাবা ম্যাট রুট অবশ্য সম্ভাবনাটিকে খুব সহজ বলে মনে করছেন না। টকস্পোর্ট ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, শচীনের রেকর্ড ভাঙা কঠিন হলেও রুটের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। তার মতে, অধিনায়কত্বের চাপও রুটের ব্যাটিংয়ে বড় কোনো প্রভাব ফেলেনি।

ম্যাটের যুক্তি, এক বছর ইংল্যান্ডের অধিনায়ক থাকার সময়ও রুট প্রায় ১৭০০ রান করেছিলেন। তাই ফিটনেস ধরে রাখতে পারলে, মনোযোগ অটুট থাকলে এবং খেলার প্রতি আগ্রহ বজায় থাকলে শচীনের রেকর্ডের কাছাকাছি যাওয়া তাঁর পক্ষে সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank