

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টেই নজরকাড়া বোলিংয়ে ইতিহাস গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার মানভ সুথার। ৩৩ রানে ৬ উইকেট নিয়ে তিনি ভেঙে দিয়েছেন প্রায় ৪৭ বছর পুরোনো একটি ভারতীয় রেকর্ড।
নিউ চণ্ডীগড়ের মুলানপুরে অনুষ্ঠিত একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসে দলটি ৮ উইকেটে ৫৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে সেঞ্চুরি করেন লোকেশ রাহুল ও শুভমান গিল। পাশাপাশি ঋষভ পান্ত ও সাই সুদর্শন ৮১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত মাত্র ১৫২ রানেই অলআউট হয় তারা।
পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ৩ উইকেট নিলেও ম্যাচের মূল আকর্ষণ ছিলেন অভিষিক্ত মানভ সুথার। বাঁহাতি এই স্পিনার তার লাইন-লেংথ ও নিয়ন্ত্রণ দিয়ে আফগান ব্যাটিং লাইনআপে ধস নামান।
তিনি একে একে আবদুল মালিক, রহমানউল্লাহ গুরবাজ, আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও মোহাম্মদ সালিম সাফিকে আউট করেন। এতে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩৩ রানে ৬ উইকেট, যা অভিষেক টেস্টে কোনো ভারতীয় বাঁহাতি স্পিনারের সেরা বোলিং।
এর আগে এই রেকর্ড ছিল সাবেক স্পিনার দিলীপ দোশির। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে তিনি ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
ভারতের টেস্ট ইতিহাসে অভিষেকে ছয় উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার এখন মাত্র দুজন—দিলীপ দোশি ও মানভ সুথার। তাদের পরেই রয়েছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও রবি শাস্ত্রী।
