রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির সভাপতি হয়ে যা বললেন তামিম ইকবাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:১২ পিএম আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল।
expand
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন তামিম ইকবাল। সভাপতি হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে এসে নিজের লক্ষ্য ও কাজ করার পরিসর নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক। প্রথম সংবাদ সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ও কড়া বার্তা দিয়েছেন তামিম। বর্তমান বোর্ডকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে সম্বোধন করেন অনেকেই। বিষয়টা নিছক বলার জন্য হলেও সেটা এখন আর বলাতেই সীমাবদ্ধ নেই। সংবাদ সম্মেলনেও তেমনটাই ইঙ্গিত দিলেন তামিম। তিনি জানালেন, বাপের দোয়া ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটের দোয়া করা যায় কি না সেদিকেই তার চেষ্টা অব্যাহত থাকবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও কঠিন লড়াইয়ের পর জয়ী হয়ে তামিম জানান, এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে একাধিক আসনে খুব অল্প ভোটের ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনে প্রচণ্ড পরিমাণ কনটেস্ট হয়েছে। আপনি দেখেন একজন এক ভোটে হেরে গেছে।’ এই ফলাফলকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়েও খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের যে সম্মানহানি হয়েছে, তা আমি একা ঠিক করতে পারব না, এখানে সবার সাহায্য দরকার।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘আজকের নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোবে।’

ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা হবে না বলেও কঠোর অবস্থান জানান তামিম। তিনি বলেন, ‘ক্রিকেটের ওপর কোনো কিছু স্যাক্রিফাইস করা হবে না। আমি যা-ই পদক্ষেপ নিই, আমি নিশ্চিত আপনারা জানতে পারবেন।’

ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও কাজের উদ্দেশ্য নিয়ে তামিম আরো বলেন, ‘ব্যক্তিগত পরিচয় যা-ই থাকুক না কেন, আমার কাছে কার কী ইন্টেনশন সেটাই মুখ্য।’ তিনি হালকা রসিকতার সুরে যোগ করেন, ‘দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন