

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক নতুন করে গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক টানাপোড়েনের পর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
চলতি বছরের শুরুর দিকে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর আগে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল দলটি।
এই ঘটনার পর দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার ফাটল দেখা দেয়। বিশেষ করে মুস্তাফিজ ইস্যুর পর নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। পরে বিকল্প আয়োজন পদ্ধতি নিয়ে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে নতুন প্রশাসনিক প্রেক্ষাপটে বিসিবি এখন সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। বিসিসিআইকে পাঠানো চিঠিতে স্থগিত থাকা দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে তারা। গত বছর নির্ধারিত ভারত দলের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল।
এ ছাড়া সামনে সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা এগিয়ে নিতে চায় বিসিবি। একই সঙ্গে আগামী এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব থাকায় সেখানে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বিবেচনা করছে বোর্ডটি।
তবে বিসিবি বন্ধুত্বের হাত বাড়ালেও বিসিসিআই এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছে না।
মন্তব্য করুন
