

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করেছে ভারত। এ হারে দলটির সেমিফাইনালে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি পরিণত হয়েছে বাঁচা মরার লড়াইয়ে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত। পারিবারিক জরুরি কারণে ব্যাটার রিংকু সিং চেন্নাই ছেড়ে বাড়ি ফিরে গেছেন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের দু’দিন আগে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলের প্রথম অনুশীলন সেশনে রিংকুকে দেখা যায়নি, যদিও দলের অন্য ক্রিকেটাররা নেটে অনুশীলন করেন।
একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ‘পারিবারিক জরুরি কারণে রিংকু চেন্নাই থেকে বাড়ি ফিরে গেছেন। তিনি দলের অনুশীলনে যোগ দেননি।’
জানা গেছে, রিংকুর বাবা খাঞ্চাঁদ সিং বর্তমানে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি, এবং তার অবস্থা গুরুতর। এজন্যই তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে ক্রিকেটারকে।
টুর্নামেন্টে শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া রিংকু এখনো প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। পাঁচ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২৪ রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি শূন্য রানে আউট হন।
এদিকে রিংকু না খেললে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ভারত একাদশে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলকেকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা বিবেচনা করছে। পাশাপাশি কৌশল অনুযায়ী স্পিনার কুলদীপ যাদবকেও একাদশে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হতে পারে।
সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে শুধু জিম্বাবুয়েকে হারালেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। কারণ ভারতের বর্তমান নেট রানরেট (-) ৩.৮। এছাড়া ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও জয় পেতে হবে। একই সঙ্গে ২৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে।
মন্তব্য করুন

